ডিসেম্বরে ইরাকের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়েছে
বিদায়ী বছরের ডিসেম্বরে ইরাকের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি দশমিক ৫ শতাংশ বেড়েছে। দেশটির জ্বালানিবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।
জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের দ্বিতীয় বৃহৎ উত্তোলক দেশ ইরাক। ডিসেম্বরে দেশটি দৈনিক ৩৬ লাখ ৭৭ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে। নভেম্বরে রফতানির পরিমাণ ছিল দৈনিক ৩৬ লাখ ৬০ হাজার ব্যারেল।
তথ্য বলছে, কেন্দ্রীয় ইরাকের রফতানি বেড়ে দৈনিক ৩২ লাখ ৭৭ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে। নভেম্বরে রফতানি করা হয়েছিল দৈনিক ৩২ লাখ ৭৩ হাজার ব্যারেল। এদিকে কুর্দিস্তানের রফতানি দাঁড়িয়েছে দৈনিক ৪ লাখ ব্যারেলে। সে হিসাবে নভেম্বরের তুলনায় রফতানি বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ।
ওপেকের মিত্র দেশগুলোর জোট ওপেক প্লাসের সিদ্ধান্ত অনুযায়ী জোটভুক্ত ২৩টি দেশ প্রতি মাসে দৈনিক ৪ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়াচ্ছে। ডিসেম্বরে দেশটির উত্তোলন কোটা বেড়ে দৈনিক ৪২ লাখ ৩৭ হাজার ব্যারেলে পৌঁছেছে। নভেম্বরে উত্তোলন কোটা ছিল দৈনিক ৪১ লাখ ৯৩ হাজার ব্যারেল। এদিকে জানুয়ারিতে দেশটির জন্য দৈনিক ৪২ লাখ ৮১ হাজার ব্যারেল উত্তোলন কোটা নির্ধারণ করে দিয়েছে ওপেক প্লাস।


