পুলিশ মেমোরিয়াল ডেতে ১৩৪ শহীদ সদস্যকে স্মরণ
পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ১৩৪ পুলিশ সদস্যকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলেন।
শনিবার সকাল ১০টায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে পুলিশ স্টাফ কলেজে স্থাপিত ‘পুলিশ মেমোরিয়াল’বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এসময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে নিহত পুলিশ সদস্যদের পরিবারের স্বজনরাও ফুল দিয়ে বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশে কর্তব্যরত অবস্থায় পুলিশসহ বিভিন্ন বাহিনীর জীবন দেওয়া সদস্যদের স্মরণ করা হয়। এজন্য তৈরি করা হয়েছে মেমোরিয়াল। গত বছর কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন পুলিশের বিভিন্ন স্তরের ১৩৪ সদস্য।
বাংলাদেশ পুলিশ ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মান জানানোর উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশ ২০১৭ সাল থেকে ১ মার্চ ‘মেমোরিয়াল-ডে’ পালন করছে। প্রতি বছর এই দিনটিতে নিহতদের পরিবারের উপস্থিতিতে সম্মান প্রদর্শন করা হয়। মেমোরিয়াল-ডে পালন করার জন্য এর আগে রেপলিকা স্মৃতি তৈরি করে পালন করা হয়েছে। জেলা বা বিভিন্ন ইউনিটেও একই দিনে রেপলিকা স্মৃতিস্তম্ভ তৈরি করে মেমোরিয়াল-ডে পালন করা হচ্ছে।
শ্রদ্ধা নিবেদনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (অর্থ) আবু হাসান মুহাম্মদ তারিক, র্যাব মহাপরিচালক (ডিজি) খুরশীদ হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



