down of head

নাগরিকদের জাপান ভ্রমণ এড়াতে চীনের সতর্কতা

জাপানের নিকটতম দ্বীপ থেকে মাত্র ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত স্ব-শাসিত দ্বীপ তাইওয়ান। দীর্ঘদিন ধরে দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তাইওয়ানের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়ে রেখেছে বেইজিং।

নাগরিকদের জাপান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে চীন। তাইওয়ানকে নিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রীর মন্তব্যকে ঘিরে পরস্পরের টানা সমালোচনা ও রাষ্ট্রদূতদের তলবের পর এ সতর্কতা দিল বেইজিং। খবর দ্য গার্ডিয়ান।

জাপানের নিকটতম দ্বীপ থেকে মাত্র ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত স্ব-শাসিত দ্বীপ তাইওয়ান। দীর্ঘদিন ধরে দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তাইওয়ানের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়ে রেখেছে বেইজিং।

তবে তাইওয়ানে কোনো হামলা হলে টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। গত ৭ নভেম্বর জাপান পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন যদি তাইওয়ানে বলপ্রয়োগ করে, তাহলে তা জাপানের জন্য ‘বেঁচে থাকার জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি’ তৈরি করতে পারে। অস্থিত্বের হুমকি মোকাবেলায় যুদ্ধজাহাজ বা অস্ত্র জড়িয়ে থাকলে সেটি সেভাবেই দেখা হোক।

এর আগে জাপানি নেতারা সাধারণত তাইওয়ানকে সরাসরি উল্লেখ না করে ‘কৌশলগত অস্পষ্টতা’ বজায় রাখতেন।

তাকাইচির মন্তব্যের পর শুক্রবার জাপানে অবস্থিত চীনা দূতাবাস এক অনলাইন পোস্টে জানায়, সাম্প্রতিক সময়ে জাপানি নেতারা তাইওয়ান নিয়ে প্রকাশ্যে উস্কানিমূলক মন্তব্য করেছেন, যা দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

পোস্টে আরো বলা হয়, এ পরিস্থিতি জাপানে থাকা চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা ও জীবনের ওপর ‘গুরুতর ঝুঁকি’ তৈরি করেছে। ফলে চীন তাদের নাগরিকদের নিকট ভবিষ্যতে জাপান ভ্রমণ না করার আহ্বান জানায়।

চীন এ ঘটনায় জাপানের রাষ্ট্রদূতকে তলব করে। উত্তরে টোকিও চীনের রাষ্ট্রদূতকে তলব করে। অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি হয় ওসাকার চীনা কনসাল জেনারেল শুয়ে জিয়েনের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্ট ঘিরে। ওই পোস্টে জিয়েন লেখেন, ওই নোংরা গলাটা কেটে ফেলো। পরবর্তিতে পোস্টটি মুছে ফেলা হলেও ধারণা করা হচ্ছে এটি জাপানের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। এরইপ্রেক্ষিতে কনসাল জেনারেলকে পারসোনা নন গ্রাটা ঘোষণার জন্য প্রস্তাব পাস করেছে জাপানের ক্ষমতাসীন দল।

এদিকে, জাপান বরাবরই বলে আসছে, তাইওয়ান বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে চীনকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জাপানের শীর্ষ মুখোপাত্র মিনোরু কিহারা। দুই দেশের মতপার্থক্য থাকলেও যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর