দেড় ঘণ্টায় ৭২ শতাংশ সিকিউরিটিজের দর কমেছে
দেশের পুঁজিবাজারে আজ বুধবার লেনদেনের শুরু থেকেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স পয়েন্ট হারাতে থাকে। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসইএক্স সূচকটি আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট কমে ৬ হাজার ১৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ২১ পয়েন্ট কমে ২ হাজার ২৭৪ ও শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির বা ১৫ দশমিক ৩৬ শতাংশ, কমেছে ২৬০টির বা ৭২ দশমিক ৬৩ শতাংশ, আর অপরিবর্তিত ছিল ৪৩টির বা ১২ দশমিক শূন্য ১ শতাংশ বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ১৭০ কোটি ৮৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।



