ঢাকা ব্যাংকের ইপিএস বেড়েছে
চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে ১০ শতাংশের বেশি। ব্যাংকটির ৪২০তম পর্ষদ সভায় অনুমোদিত চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৬ পয়সা। সে হিসাবে আলোচ্য ব্যাংকটির ইপিএস বেড়েছে ৭ পয়সা বা ১০ দশমিক ৬১ শতাংশ। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২১ টাকা ৭ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৩ জুন বেলা ৩টায় এজিএম আহ্বান করেছে ব্যাংকটি।



