ডাচ্-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে ২৪%
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১২ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৯০ কোটি ৫০ লাখ টাকা।
গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে ডাচ্-বাংলা ব্যাংকের পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৩ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ২২ পয়সায়।


