ডমিনেজের মালিকানায় আকিজ রিসোর্স, পর্ষদ পুনর্গঠন
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস পিএলসির মালিকানা পরিবর্তনের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। কোম্পানিটির বিদায়ী উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা মোট ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ার (কোম্পানির মোট শেয়ারের ৩০ দশমিক ০১ শতাংশ) নতুন মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে কোম্পানিটির মালিকানা ও পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কোম্পানিটির মালিকানা পরিবর্তন ও নতুন পর্ষদ গঠনের এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় অনুষ্ঠিত সভায় শেয়ার হস্তান্তর সম্পন্ন হওয়ার বিষয়টি নথিভুক্ত করা হয়। বাংলাদেশ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) উপবিধির ১১ দশমিক ৬ ধারা অনুযায়ী ‘ম্যাচড ট্রানজেকশন’ হিসেবে অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে এসব শেয়ার হস্তান্তর করা হয়েছে।
হস্তান্তর করা মোট ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ারের মধ্যে আকিজ রিসোর্সেস লিমিটেড পেয়েছে ২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার শেয়ার, যা ডোমিনেজ স্টিলের মোট শেয়ারের প্রায় ২৮ দশমিক ০১ শতাংশ। আর শেখ জসিম উদ্দিন পেয়েছেন ২০ লাখ ৫২ হাজার শেয়ার বা ২ শতাংশ এবং ফারিয়া হোসাইন পেয়েছেন ২০ লাখ ৫২ হাজার শেয়ার বা ২ শতাংশ।
শেয়ার হস্তান্তরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৭ আগস্ট এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ১ অক্টোবর আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
শেয়ার হস্তান্তর সম্পন্ন হওয়ার পর বিদায়ী পরিচালকদের পদত্যাগ ও অবসর গ্রহণও কার্যকর হয়েছে। এর ফলে প্রকৌশলী মুহাম্মদ শামসুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, সুজিত সাহা, আবুল কালাম ভূঁইয়া এবং রাকিবুল ইসলামের পরিচালক পদ থেকে পদত্যাগ ও অবসর গ্রহণ রোববার দিনের কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হয়।
এরপর কোম্পানিটির নতুন পরিচালনা পর্ষদ গঠন ও পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন পর্ষদে শেখ জসিম উদ্দিনকে চেয়ারম্যান এবং ফারিয়া হোসাইনকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া, আকিজ রিসোর্সেস লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুম বিল্লাহ, মো. শেখ সাদী এবং শোভ্রতা কুমার রায়।
ফলে শেয়ার হস্তান্তরের মাধ্যমে ডোমিনেজ স্টিলের মালিকানায় পরিবর্তনের পাশাপাশি কোম্পানিটির পরিচালনা ও ব্যবস্থাপনাতেও তাৎক্ষণিক পরিবর্তন এসেছে। নতুন পর্ষদ এখন কোম্পানিটির পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।



