জেনিথ লাইফে গ্রাহকের কোন দাবি পেন্ডিং নেই- এস এম নুরুজ্জামান
জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, এই মুহূর্তে গ্রাহকের কোন দাবী জেনিথ লাইফে পেন্ডিং নাই। একক ও গ্রুপ বীমার মৃত্যুদাবিসহ স্বাস্থ্য বীমা দাবি, মেয়াদোত্তর বীমা, এসবি ও সমর্পণ মূল্য বাবদ এখন পর্যন্ত ৯ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার দাবি পরিশোধ করা হয়েছে।
১৩ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত উন্নয়ন সম্মেলনে এসব কথা বলেন এস এম নুরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। সারাদেশ থেকে প্রতিষ্ঠানটির প্রায় এক হাজার ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তা এতে অংশ নেন।
এস এম নুরুজ্জামান বলেন, জেনিথ ইসলামী লাইফ সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটি লাইফ বীমা কোম্পানি। এর যাবতীয় ঋণ ২০১৮ সাল থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে পরিশোধ করা হয়েছে, যার পরিমাণ ছিল ৬ কোটি ৩১ লাখ টাকারও বেশি। পাশাপাশি ৪ কোটি টাকারও অধিক ব্যাংকে এফডিআর করা হয়েছে। কোম্পনির আর্থিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে নবায়ন প্রিমিয়াম, গ্রুপ বীমা এবং স্বাস্থ্য বীমা পলিসিতে প্রতি অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। নতুন নতুন গবেষণার মাধ্যমে ব্যবসা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।


