চাকরিজীবীদের আগস্টে ৮ দিনের ছুটি
আগস্ট মাসে সরকারি ছুটির সঙ্গে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে চাকরিজীবীরা দুদফায় ৮ দিনের ছুটি উপভোগের সুযোগ পাবেন। দুই দফায় এক দিন করে ছুটি নিলেই চারদিন করে অবকাশ মিলতে পারে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে। তবে ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
অন্যদিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।
তবে এ ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও এ উপলক্ষে ছুটি দেওয়া হয়ে থাকে।
তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটির বিধান প্রযোজ্য হবে না।


