গোসলের দৃশ্য ভাইরালের হুমকি দিয়ে যুবতীকে ধর্ষণ!

গোসলের দৃশ্য ইন্টারনেটে ভাইরালের হুমকি দিয়ে যুবতীকে তিন বছরে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে হিটু নামে এক যুবকের বিরুদ্ধে। যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে সতীত্ব হারিয়ে ওই যুবতী বিয়ের দাবিতে ধর্ষকের বাড়িতে অবস্থান করলেও শেষ পর্যন্ত ঠাই হয়নি। এখন ঘটনা ধামাচাপা দিতে ধর্ষকের পরিবার স্থানীয় প্রভাবশালীদের কাছে ছুটছে।

এই সুযোগে প্রভাবশালীরা মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ধর্ষিতার এক আত্মীয়ের হাতে ২ হাজার টাকা ধরিয়ে দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ধর্ষণের শিকার যুবতী জানিয়েছেন, ঘটনাটি নিয়ে তাদের বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়া হচ্ছে। ওই যুবতী জানিয়েছেন, তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার চন্ডিপুর গ্রামে।

ছোট বেলা থেকে তিনি খালা খালুর সাথে বসবাস করেন। তিন বছর আগে তারা চুড়ামনকটি গ্রামের দক্ষিণ পাড়ার আবু বক্কার সিদ্দিকের বাড়িতে ভাড়া আসেন। আসার কয়েক মাস পরেই আবু বক্কারের ছোট ছেলে হিটু তাকে ডেকে বলে তোমার গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করেছি। আমার কথা না শুনলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে। পরে তাকে একাধিকবার ধর্ষণ করেছে। তার অত্যাচারে বাসা পরিবর্তন করেও রক্ষা হয়নি। পরে ভাড়া নেয়া বাসায় গিয়েও তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেছে।

তিনি আরো জানান, সতীত্ব হারিয়ে তিনি গত বৃহস্পতিবার হিটুর বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে। কিন্তু একটি মহলের কারণে শেষ পর্যন্ত সেখানে থাকতে পারেননি। প্রভাবশালীরা ধর্ষকের পক্ষে অবস্থান নিয়ে তাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন হুমকি দিচ্ছে ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার। এখন মামলা করতে যাওয়াতো দুরের কথা ভয়ে তিনি বাড়ি থেকেই বের হতে পারছেন না।

অভিযুক্ত হিটু জানান, গোসলের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই যুবতীকে ধর্ষণ করা হয়নি। তার সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছি এই খবরে গত বুধবার ওই যুবতী তার বাড়িতে অবস্থান নেন। ৫ হাজার টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেয়া হয়েছে।

এ বিষয়ে চুড়ানকাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।

চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুন্সি আনিসুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত খবর