এশিয়া ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ আজ
লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের লেনদেন আজ বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে যথারীতি দেশের দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির লেনদেন চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৫৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৫২ পয়সা (পুনর্মূল্যায়িত)।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৬ জুলাই দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৭ জুন।
এদিকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৪ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ২ পয়সায়।



