এপ্রিলে যুক্তরাষ্ট্রে শেল অয়েল উত্তোলন বাড়ার পূর্বাভাস
এপ্রিলে যুক্তরাষ্ট্রের শেল অয়েল (পাথুরে খাঁজ থেকে উত্তোলিত তেল) উত্তোলন ব্যাপকভাবে বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির প্রধান সাতটি বেসিনেই উত্তোলন বাড়বে। পূর্বাভাস অনুযায়ী এটিই হতে যাচ্ছে ২০২০ সালের মার্চের পর সর্বাধিক উত্তোলন। সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।
এনার্জি ইনফরমেশনের ড্রিলিং প্রডাক্টিভিটি রিপোর্টের প্রাক্কলন অনুযায়ী, আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রধান সাতটি শেল বেসিনে উত্তোলন দৈনিক ১ লাখ ১৭ হাজার ব্যারেল করে বাড়বে। মোট দৈনিক উত্তোলনের পরিমাণ দাঁড়াবে ৮৭ লাখ ৮ হাজার ব্যারেলে।
ইআইএ বলছে, যুক্তরাষ্ট্রের পারমিয়ান বেসিনে উত্তোলন দৈনিক ৫১ লাখ ৩৮ হাজার থেকে বেড়ে ৫২ লাখ ৮ হাজার ব্যারেলে উন্নীত হতে পারে। দ্বিতীয় বৃহৎ বেসিন ইগল ফোর্ডে উত্তোলন দৈনিক ২৩ হাজার ব্যারেল বেড়ে ১১ লাখ ৪৬ হাজার ব্যারেলে পৌঁছার সম্ভাবনা রয়েছে। বাক্কান বেসিনে উত্তোলন বাড়তে পারে দৈনিক ১৬ হাজার ব্যারেল করে।
গত বছর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সংকট তীব্র হওয়ার পর থেকেই উত্তোলন বাড়ানোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু তা-ই নয়, জ্বালানি পণ্যটির মূল্য নিয়ন্ত্রণে কৌশলগত রাষ্ট্রীয় মজুদ থেকে বাজারে সরবরাহও শুরু করে দেশটি।



