আরএফআর পদ্ধতিতে ট্রেড ফাইন্যান্স লেনদেন সম্পন্ন এসসিবির

প্রথমবার রিস্ক-ফ্রি রেট (আরএফআর) পদ্ধতি ব্যবহার করে আকিজ সিরামিকস লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (এসসিবি)। বাংলাদেশ ব্যাংকের যথাযথ নির্দেশনা মোতাবেক দ্য লন্ডন ইন্টার-ব্যাংক অফার রেটের (লিবর) বিকল্প হিসেবে এ পদ্ধতি ব্যবহার করে চুক্তি সম্পন্ন করা হয়।

এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় বলেন, লিবর তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্ব অর্থবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লিবর থেকেও টেকসই আরএফআর পদ্ধতিতে রূপান্তরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ৫৯টি বাজারজুড়ে ক্লায়েন্ট, নিয়ন্ত্রক এবং স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করছে। আমরা ২০২২ সালের ১ জানুয়ারির আগেই এ রূপান্তরের জন্য প্রস্তুত। আকিজ ও ইউনিলিভারের সঙ্গে প্রথম আরএফআরভিত্তিক ট্রেড ফাইন্যান্স লেনদেনের ফল তার প্রমাণ। এ সাফল্য, বাজারজুড়ে উল্লেখযোগ্য কাঠামোগত পরিবর্তনে এবং নতুন আরএফআর পদ্ধতি দ্বারা গ্রাহকদের পরিষেবায় নেতৃত্ব দানে আমাদের আত্মবিশ্বাসী করে তুলবে।

আকিজ গ্রুপের এমডি শেখ বশির উদ্দিন বলেন, আমরা এখনো অন্যান্য ব্যাংকের সঙ্গে ট্রানজিশন প্রক্রিয়া নিয়ে কাজ করছি। তবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে এ চুক্তি আমাদের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে।

ইউনিলিভার বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জাহিদুল ইসলাম মালিতা বলেন, ইউনিলিভার বাংলাদেশ সবসময় ব্যবসায়িক ল্যান্ডস্কেপে গতিশীল পরিবর্তনের অংশীদার হয়ে এসেছে। সুদের হারের নতুন মানদণ্ড ব্যবহার করে ট্রেড ফাইন্যান্স চুক্তি সম্পন্নকারী দেশের অন্যতম প্রথম গ্রাহক হতে পেরে আমরা গর্বিত। লিবর থেকে নতুন রিস্ক ফ্রি রেট-এ ট্রানজিশন প্রক্রিয়া আগামী বছর থেকে বিশ্বব্যাপী ব্যবহূত হওয়ার সম্ভাবনা থাকলেও আমরা এরই মধ্যে এর ব্যবহার শুরু করেছি।

সম্পর্কিত খবর