আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে সয়াবিনের দাম
আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবসে তেলবীজটির দাম বাড়ল। মূলত শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রসহ শীর্ষ দেশগুলোয় উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
তথ্য বলছে, গতকাল শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দাম বুশেলপ্রতি ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১৪ ডলার ২৯ সেন্টে। কার্যদিবসের শুরুতে পণ্যটির দাম ১৪ ডলার ৩৪ সেন্টে উঠেছিল, যা ১১ জুলাইয়ের পর সর্বোচ্চ।
বিশ্লেষকরা বলছেন, শুল্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে সয়াবিন ও ভুট্টার উৎপাদন ব্যাহত হচ্ছে। লাতিন আমেরিকার দেশগুলোও একই সমস্যার মোকাবেলা করছে।
এদিকে শুষ্ক আবহাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় সয়াবিনের পাশাপাশি বেড়েছে গম ও ভুট্টার দামও। সিবিওটিতে প্রতি বুশেল গমের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮ ডলারের উন্নীত হয়েছে। শুধু আবহাওয়াই নয়, ইউক্রেন থেকে রফতানি নিয়ে অনিশ্চয়তার অবসান না ঘটার কারণেও দাম বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া ভুট্টার দাম দশমিক ৯ শতাংশ বেড়ে ৬ ডলার ৮ সেন্টে উন্নীত হয়েছে।



