লক্ষ্যমাত্রায় সাড়ে ২৮ লাখ ব্যারেল ঘাটতি
গত মাসে জ্বালানি তেল উত্তোলনে ব্যাপক ঘাটতির মুখে পড়েছে ওপেক প্লাস। প্রকৃত উত্তোলন ও লক্ষ্যমাত্রার মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে দৈনিক ২৮ লাখ ৪০ হাজার ব্যারেলে। জোটটির দুই প্রতিনিধি আরগাস মিডিয়াকে সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
বিশ্ববাজারে সংকট মোকাবেলায় প্রতি মাসে নির্দিষ্ট মাত্রায় উত্তোলন বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ওপেক প্লাস। কিন্তু যতই উত্তোলন বাড়ানোর পরিকল্পনা নেয়া হচ্ছে, ততই জোটটির সদস্য দেশগুলো বেঁধে দেয়া উত্তোলন কোটা পূরণে ব্যর্থ হচ্ছে। এর মূল কারণ সরবরাহ খাতে বিনিয়োগ ও সক্ষমতার অপ্রতুলতা।
আরগাসের সমীক্ষা অনুযায়ী, জুনে ওপেক প্লাস প্রতিদিন ২৫ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে, যা জোটের লক্ষ্যমাত্রার তুলনায় কম।
রাশিয়ার জ্বালানি তেল উত্তোলন বাড়ায় জোটটির জুনের উত্তোলন এক মাসের ব্যবধানে দৈনিক ৭ লাখ ৩০ হাজার ব্যারেল করে বেড়েছে। এর পরও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে ওপেক প্লাস।
রাশিয়ার পাশাপাশি জোটের অন্যতম বড় উত্তোলক দেশ সৌদি আরব। জুনে দেশটির উত্তোলন দৈনিক ১ লাখ ৫৯ হাজার ব্যারেল করে বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ ৮৫ হাজার ব্যারেলে। তবে উত্তোলন বাড়লেও নির্ধারিত কোটা পূরণ করতে পারেনি দেশটি।



