আইসিএসবির প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ শাহজাহান

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত আইসিএসবির ১২৩তম কাউন্সিল সভায় ২০২৫-২০২৮ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের জন্য তিনি এই পদে নির্বাচিত হয়েছেন।

বর্তমানে মোহাম্মদ শাহজাহান বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, রংপুর-এর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস-ডিসিএ) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা এবং ২ জুলাই ২০০৫ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।

তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিশ্ব ব্যাংক ও ইফাদ অর্থায়নে পরিচালিত এনএটিপি-২ প্রজেক্ট-এ পাঁচ বছর কনসালট্যান্ট (ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট) হিসেবে লিয়েনে কর্মরত ছিলেন।

শাহজাহান হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (আইডিডি) থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (পাবলিক ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স)-এ এম.এসসি. ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি দেশি-বিদেশি বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সির (সিআইপিএফএ) সদস্য, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ফিন্যান্সিয়াল কনসালট্যান্টসের (আইএফসি) সদস্য।

বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (বিএএ) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, আইসিএসবি বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক প্রণীত চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০-এর মাধ্যমে প্রতিষ্ঠিত একটি পেশাগত প্রতিষ্ঠান। বাংলাদেশে চার্টার্ড/কোম্পানি সেক্রেটারি পেশার উন্নয়ন, প্রসার এবং নিয়ন্ত্রণে এটি একমাত্র স্বীকৃত পেশাগত প্রতিষ্ঠান। দেশে কর্পোরেট সুশাসনের উৎকর্ষ সাধনে আইসিএসবি সর্বোচ্চ পেশাগত প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সম্পর্কিত খবর