অক্ষত ব্রাজিলের রেকর্ড, শেষ বত্রিশেই জার্মানির বিদায়

এবারের বিশ্বকাপে ব্রাজিল ও জার্মানির ম্যাচ যেন একই দিনে হওয়ার এক অলিখিত নিয়মে পরিণত হয়েছিল। কখনো ব্রাজিল আগে খেলেছে, কখনো জার্মানি।

গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউটের প্রথম ধাপ পর্যন্ত দুই দলের মধ্যে চলছিল আরেকটি নীরব প্রতিযোগিতা—বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান দখলের লড়াই। তবে শেষ বত্রিশ থেকেই সেই প্রতিযোগিতায় ইতি টানতে হয়েছে জার্মানিকে।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। এই জয়ে বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের মোট গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬-এ। ফলে সর্বোচ্চ গোলদাতার আসনে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে ব্রাজিলকে টপকাতে জার্মানির প্রয়োজন ছিল আরও পাঁচটি গোল। গ্রুপ পর্বে কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোল করলেও নকআউটে তেমন সুযোগ আর পায়নি তারা। বোস্টনে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪৩-এ, আর ব্রাজিলের রেকর্ড ভাঙার অপেক্ষাও দীর্ঘ হলো।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তবে ব্রাজিল ও জার্মানির তুলনায় তারা এখনও অনেকটাই পিছিয়ে। আলবিসেলেস্তেদের মোট গোলসংখ্যা ১৬০।

চতুর্থ স্থানে থাকা ফ্রান্সের গোল ১৪৬। এবারের আসরেই ফরাসিরা করেছে ১০ গোল। দলের হয়ে চারটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে।

পঞ্চম স্থানে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, যাদের বিশ্বকাপে মোট গোল ১২৮। তবে এই অর্জন এখন কেবল ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ। ২০০৬ সালে শিরোপা জয়ের পর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইতালি। এরপর ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা তিনটি বিশ্বকাপেই জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে আজ্জুরিরা। এই সময়ের একমাত্র বড় সাফল্য ২০২১ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়।

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে ছিল জার্মানি ও নেদারল্যান্ডস, দুই দলই করেছে ১১টি করে গোল। তবে শেষ বত্রিশ থেকেই বিদায় নিতে হয়েছে দু’দলকেই। উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।

এদিকে গোলসংখ্যার দিক থেকে ব্রাজিল-জার্মানির কাছাকাছি যেতে আর্জেন্টিনাকে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। যদিও তাদের নকআউট পর্বের অভিযান এখনও শুরু হয়নি। আগামী ৪ জুলাই শেষ বত্রিশে কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ভবিষ্যতের আসরগুলোতে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি গোলের বন্যা বইয়ে দিতে পারলেই কেবল ব্রাজিল ও জার্মানির রেকর্ডের কাছাকাছি পৌঁছাতে পারবে আর্জেন্টিনা।

তবে চলতি আসরে গোলের হিসেবে ব্রাজিলের খুব বেশি পিছিয়ে নেই আর্জেন্টিনা। ব্রাজিল করেছে ৯ গোল, আর্জেন্টিনার গোল ৮। ব্যক্তিগত পারফরম্যান্সেও দারুণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। ইতোমধ্যে ৬ গোল করে তিনি গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। অন্যদিকে ব্রাজিলের হয়ে ৪ গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিল এখন অপেক্ষায় প্রতিপক্ষের। আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

সম্পর্কিত খবর