down of head

রাজধানীতে দুই যুবককে গুলি

রাজধানীর হাজারীবাগে রিকশার গ্যারেজের জায়গা দখল করাকে কেন্দ্র করে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. আরিফ (৩৫) এবং খোকন (৩৩)। তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

গুলিবিদ্ধ আরিফ বলেন, আমরা ১০-১২ জন ওই জায়গা ভাড়া নিয়ে রিকশার গ্যারেজ করেছি। আমাদের এখান থেকে চলে যাওয়ার জন্য বলে ব্রাদার্স মাসুদ এবং নজরুল। আমরা তাদের কাছে কয়েকদিনের সময় চাই। তারা সময় না দিয়ে আজকে আমাদের গ্যারেজে এসে আমাদের মালামাল রিকশা বের করে দেয়। আমরা বাধা দিলে ব্রাদার্স মাসুদ, নজরুল, বাদশা, বাবু ও কামাল পিস্তল দিয়ে আমাকে ও খোকনকে গুলি করে। আমার বাম পায়ে গুলি লেগেছে এবং খোকনের পেটে লেগেছে। এরা ছাড়াও আরও ৩০-৪০ জন লোক তাদের সঙ্গে এসেছিল।

এ বিষয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী বলেন, আমরা খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসেছি। গুলিবিদ্ধ আরিফ ও খোকনের সঙ্গে কথা বলেছি। পুরো বিষয় জানার পরে আপনাদের জানানো হবে।

 

 

সম্পর্কিত খবর