মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা কমেছে প্রায় ৮ শতাংশ
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ৮ শতাংশ। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তথ্যমতে, প্রথম প্রান্তিকে মেঘনা পেট্রোলিয়ামের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৫ কোটি ২৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৭০ কোটি ৭৮ লাখ টাকার বেশি। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা বা ৭ দশমিক ৭৬ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৫৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৫ টাকা ৯৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫৪ টাকা ৭৬ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে মেঘনা পেট্রোলিয়ামের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ টাকা ৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২৮ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫৯ টাকা ৯০ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪৮ টাকা ২১ পয়সা। সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদন ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৫ মার্চ ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৫ জানুয়ারি।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরেরও শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মেঘনা পেট্রোলিয়াম। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২৮ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ১৪৮ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩৪ টাকা ৩০ পয়সা।
২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরেরও জন্য শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মেঘনা পেট্রোলিয়াম। ২০১৮ হিসাব বছরে ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৭ হিসাব বছরে ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৪৯ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৮। এর মধ্যে ৫৮ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। এছাড়া ৩২ দশমিক ১৬ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ১৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৮ দশমিক ৯৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।


