down of head

মূলধনি যন্ত্রপাতি কিনবে কেডিএস

উৎপাদন সক্ষমতা বাড়াতে মূলধনি যন্ত্রপাতিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির ১৩৮তম পর্ষদ সভায় বিনিয়োগের এ প্রস্তাব অনুমোদন করা হয়।

তথ্যমতে, চট্টগ্রামে কোম্পানিটির বোর্ড প্লান্ট রয়েছে। প্লান্টটিতে প্যাকেজিংয়ের জন্য বিদ্যমান যন্ত্র্রাংশ পরিবর্তন করা হবে। এ জন্য ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা বিনিয়োগ করা হবে। এটি বাস্তবায়ন হলে প্লান্টটির কার্যক্ষমতা ও উৎপাদন সক্ষমতা বাড়বে। এছাড়া কোম্পানিটি ছয়টি টিউনিং মেশিন, দুটি সেন্ট্রিফিউগাল ক্যাস্টিং মেশিন, চারটি ওয়াটার পলিশিং মেশিনসহ বাটন ইউনিটের জন্য আনুষঙ্গিক যন্ত্রাংশ কিনবে। এজন্য ২ কোটি ১০ লাখ ৪৭ হাজার টাকা বিনিয়োগ করা হবে। অন্যদিকে ইলাস্টিক ও ন্যারো ফ্যাব্রিকস ইউনিটের জন্য ২০ সেট ব্রেইডিং মেশিন কিনবে। কোম্পানিটি এ খাতে প্রায় ৬৮ লাখ টাকা ব্যয় করবে। বিনিয়োগের এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বছরে কোম্পানিটির আয় বাড়বে প্রায় ১০ কোটি টাকা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৩৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৭৫ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ১৫৭ কোটি টাকা। যেখানে আগের বছরে কর-পরবর্তী নিট মুনাফা ছিল ১৪৪ কোটি টাকার বেশি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে শেষে যা ছিল ২৪ টাকা ৯৯ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কেডিএস অ্যাকসেসরিজ। এর মধ্যে ৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও বাকি ৭ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

সম্পর্কিত খবর