মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন, রেস্তোরাঁয় হামলা ভাঙচুর
বরিশাল নগরীর সিএন্ডবি রোডের ‘সেইভ দ্য লাইফ’ নামের একটি মাদক নিরাময় কেন্দ্রে এক যুবককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি টের পেয়ে স্বজনরা ওই মাদক নিরাময় কেন্দ্র ও এর মালিক মোস্তাফিজুর রহমান সুমনের মালিকানাধীন একটি রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
নির্যাতনের শিকার মো. সোহেল ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাকে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ত্রিশোর্ধ সোহেলের স্বজনরা জানান, তাদের সন্তান মাদকাসক্ত হয়ে পড়ার কারণে ১৩ জানুয়ারি সোহেলকে ‘সেইভ দ্য লাইভ’ নামক মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। ভর্তির প্রথম দিনে সোহেলকে হাতকড়া পরিয়ে এবং লোহার খাটে রেখে নির্যাতন শুরু হয় এবং খাবারেও তাকে কষ্ট দেওয়া হয়েছে। এ বিষয়টি জানতে পেরে স্বজনরা বুধবার সন্ধ্যা রাতে তাকে নিয়ে যায় কিন্তু বাসায় ফেরার পরে সোহেল আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। এতে স্বজনরা ক্ষুব্ধ হয়ে ‘সেইভ দ্য লাইফ’ ও এর মালিকের রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এ হামলায় অন্তত ২০ থেকে ৩০ যুবক অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সোহেলের স্ত্রী মরিয়ম জেবু জানান, তার স্বামীকে নির্যাতনের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সেইভ দ্য লাইফের মালিক শাখায়াত হোসেন মিঠু বলেন, মাদকাসক্ত সোহেলকে কোনোরূপ নির্যাতন করা হয়নি। বুধবার সন্ধ্যার পর স্বজনরা এসে তাকে বাসায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই অন্তত ২০ থেকে ৩০ যুবক একত্রিত হয়ে আকস্মিক দুটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে আমাদের ৫ কর্মী আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, সেইভ দ্য লাইফ মাদক নিরাময় কেন্দ্রে মাদকাসক্ত যুবককে নির্যাতনের অভিযোগে স্বজনরা দুটি প্রতিষ্ঠানে হামলা করে এমন খবর ছিল। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তদন্ত করে বিস্তারিত জানাব।


