তুরস্কের আকরিক লোহা আমদানি ৯.৯% কমেছে
সদ্যবিদায়ী বছরে তুরস্কের আকরিক লোহা আমদানি কমেছে। বছরজুড়ে সরবরাহ সংকটসহ নানা জটিলতায় আমদানি বাধাগ্রস্ত হয়। এছাড়া করোনার ডেল্টা ধরনের প্রাদুর্ভাবও আমদানিতে নেতিবাচক প্রভাব ফেলে। টার্কিশ স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত তুরস্ক ৯১ লাখ ১০ হাজার টন আকরিক লোহা আমদানি করে। আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি ৯ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী থাকায় আমদানীকৃত পণ্যটি থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে। এ সময় তুরস্ক ১৭৩ কোটি ডলারের আকরিক লোহা আমদানি করে, যা ২০২০ সালের ১০ মাসের তুলনায় ১০২ দশমিক ৩ শতাংশ বেশি।
টার্কিশ স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট জানায়, ২০২১ সালের প্রথম ১০ মাসে তুরস্ক সবচেয়ে বেশি আকরিক লোহা আমদানি করে ব্রাজিল থেকে। এ সময় দেশটি থেকে ৪৬ লাখ ৭০ হাজার টন আকরিক লোহা কেনা হয়, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ বেশি। সুইডেন থেকে আমদানি করা হয় ১২ লাখ ৩০ হাজার টন। রাশিয়া থেকে আমদানি করা হয় ১১ লাখ ২০ হাজার টন।


