অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা আরামিট সিমেন্টের
চলতি ২০২১-২২ হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৩০তম সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্যোক্তা বাদে বাকি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আরামিট সিমেন্টের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ১ টাকা ৩২ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ১৯ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি আরামিট সিমেন্ট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ পয়সা, যেখানে আগের বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৭১ পয়সা।


