ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এর মধ্যে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) সঙ্গে বিদ্যমান দীর্ঘ ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তি এসপিএ-১ ও এসপিএ-২ এবং স্বল্পমেয়াদি চুক্তি এসপিএ-৩-এর আওতায় ২০২৭ সালে তিন কার্গো এলএনজি আমদানি করা হবে। এজন্য তিনটি পৃথক সাইড লেটার চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
এছাড়া মালয়েশিয়ার প্রতিষ্ঠান পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে ২০২৭ সালে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। তবে উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
এক্ষেত্রে এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) জেকেএমের (জাপান-কোরিয়া মার্কার) চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম।



