রোজায় ১০ পণ্যে কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
রমজানের অতি প্রয়োজনীয় ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুরসহ ১০টি নিত্যপণ্যের আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি সহজ এবং বাজারমূল্য সহনীয় রাখতে সহায়তা করবে মর্মে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যবৃদ্ধি ঠেকানো গেলে ভোক্তারা অপেক্ষাকৃত সহনীয় দামে এসব পণ্য পাবেন।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ–সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরের এলসি মার্জিন ন্যূনতম রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানির ক্ষেত্রে ঋণপত্র স্থাপনে ব্যাংকগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবছর পবিত্র রমজান মাসে ছোলা, ডাল, ভোজ্যতেল, চিনি, মসলা ও খেজুরের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। রমজানে মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। ইফতার ও সাহ্রিতে ছোলা, পেঁয়াজু, বেগুনি, ফলের শরবত, মিষ্টিসহ ভারী খাবারের আয়োজন বাড়ে। ফলে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও মসলার ব্যবহার বেড়ে যায়।



