প্রথম পাঁচ দিনে প্রবাসী আয় ৫৬৭ মিলিয়ন ডলার
নতুন ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহে শক্তিশালী ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৫৬৭ মিলিয়ন (৫৬ কোটি ৭০ লাখ) মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৪১১ মিলিয়ন (৪১ কোটি ১০ লাখ) মার্কিন ডলার। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে ৩৮.১ শতাংশ।
এদিকে, সর্বশেষ ৫ জুলাই একদিনেই দেশে প্রবাসী আয় এসেছে ২১৯ মিলিয়ন (২১ কোটি ৯০ লাখ) মার্কিন ডলার।
গত মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।
এ ছাড়া এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। গত মার্চে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, জুলাই মাসের দ্বিতীয়ার্ধে মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে কর্মরত বাংলাদেশিদের কাছ থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়তে পারে। বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে তারা মনে করছেন।


