বিএসইসি’র সিদ্ধান্তকে স্বাগত ডিএসই’র
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের পুঁজিবাজারে বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-কে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষমতা দিয়েছে। কমিশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই)।
আজ(২ জুলাই) ডিএসই’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ২০ক-এর অধীনে প্রদত্ত ক্ষমতাবলে একটি আদেশ (আদেশ নং: বিএসইসি/সার্ভেইল্যান্স/২০২০-৯৭৫/৫৭৯) জারি করে।
আদেশ অনুযায়ী, বিনিয়োগকারীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করা, বাজারে সুষ্ঠু, কার্যকর ও স্বচ্ছ লেনদেন বজায় রাখা, সুশৃঙ্খল বাজার পরিবেশ নিশ্চিত করা এবং দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন সহজতর করার লক্ষ্যে ডিএসই ও সিএসই নিজ নিজ প্রবিধান, নীতিমালা এবং পরিচালনগত প্রয়োজনীয়তার আলোকে বাজার নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিভিন্ন প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়ন করতে পারবে।
তবে এসব প্যারামিটারে কোনো পরিবর্তন আনা হলে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে তা অবিলম্বে বিএসইসি-কে অবহিত করতে হবে। একই সঙ্গে বাজারের সব অংশগ্রহণকারীর কাছে পরিবর্তনের বিষয়টি যথাযথভাবে প্রচার ও অবহিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তী কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বর্তমানে প্রচলিত বাজার নিয়ন্ত্রণ প্যারামিটারসমূহ বহাল থাকবে।
ডিএসই মনে করে, বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণে স্টক এক্সচেঞ্জকে ক্ষমতা দেওয়ার এই সিদ্ধান্ত দেশের পুঁজিবাজারের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।


