২০ মাস আগের অবস্থানে সূচক

দেশের পুঁজিবাজারে টানা দরপতন অব্যাহত রয়েছে। প্রতিদিনই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে মূল্যসূচক। এর মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হয়েছে। আর শেষ ২১ কার্যদিবসের মধ্যে ১৮ কার্যদিবসেই দরপতন হয়েছে। এতে গত কয়েক কার্যদিবসের মতো সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ছয় হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে পুঁজিবাজারে মূল্যসূচকের নেতিবাচক প্রবণতা দেখা দেয়। বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি মূল্যসূচক ঋণাত্মক হয়ে পড়ে। সেই সঙ্গে লেনদেনে ধীরগতি অব্যাহত থাকে। এতে প্রথম আধা ঘণ্টার ডিএসই প্রধান মূল্যসূচক কমেছে ১৪ পয়েন্ট। আর লেনদেন হয় ৫০ কোটি টাকার কিছু বেশি। দিনের লেনদেন শেষে সূচকের পতন এবং লেনদেনের ধীরগতি অব্যাহত ছিল।

গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১১২টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ২২২টি প্রতিষ্ঠানের। আর ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে পাঁচ হাজার ৯৭৪ পয়েন্টে নেমে গেছে। এর আগে ২০২২ সালের ২৮ জুলাই সূচক ছিল পাঁচ হাজার ৯৮০ পয়েন্ট। অর্থাৎ প্রায় ২০ মাস আগের অবস্থানে নেমেছে সূচক। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় সাত পয়েন্ট কমে দুই হাজার ৫৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে এক হাজার ৩০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিকে সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৬৩ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৮০ কোটি ২৩ লাখ টাকা।

গতকাল ডিএসইতে লেনদেনে সব থেকে বেশি অবদান রেখেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি সাত লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ।

দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকসের ২১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑরূপালী লাইফ ইন্স্যুরেন্স, এসএস স্টিল, ওরিয়ন ইনফিউশন, গ্রামীণফোন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও মুন্নু ফেব্রিক্স।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৫৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩১টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৭২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৬ কোটি ৯৪ লাখ টাকা।

সম্পর্কিত খবর