ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সারা বিশ্বে দুরবস্থা চলছে। পরিস্থিতি খুব একটা ভাল না। ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া বর্তমান পরিস্থিতি সরকার একা সামাল দিতে পারবে না। আমরা এক থাকলে সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারবো। সব কিছু ভুলে গিয়ে একে অপরকে দোষারোপ না করে সবাই যৌথভাবে কাজ করতে হবে। নয়তো এই পরিস্থিতি ভয়াবহ হবে।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের প্রথম ৬০০ গ্রেড এর জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি আর স্টিল রি-বারের যাত্রা শুরু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সেনাবাহিনী ক্লাস ওয়ান প্রকল্প করে থাকে। তাদের কাজের ধারাবাহিকতা আছে। অন্য কেউ সাধারণত এটা করে না। যা প্রকল্পের ক্ষতি হয় এবং অর্থ ব্যয়ও অধিক হয়। এখন আর বড়বড় প্রকল্পের জন্য কনসালটেন্ট বাহির থেকে আনতে হয় না। দেশে পর্যাপ্ত কনসালটেন্ট রয়েছে। পণ্যের বৈচিত্রতা নিয়ে কাজ করতে হবে। সব মিলিয়ে যেকোনো পরিস্থিতিতে ব্যবসায়ীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এমিরেটাস অধ্যাপক ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামিম জেড বসুনিয়া, মেজর জেনারেল (অব) আবু সাঈদ মো. মাসুদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রাকিব আহসান। আরও উপস্থিত ছিলেন সামরিক, বেসামরিক ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বুয়েটসহ দেশের বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ার ও স্থপতিরা।


