ইপিএস কমেছে ব্র্যাক ব্যাংকের
চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) কমেছে ১৪ শতাংশের বেশি। ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭২ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস কমেছে ২৫ পয়সা বা ১৪ দশমিক ৫৩ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯০ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫২ পয়সায়।
আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৩২ টাকায়। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস বা স্টক লভ্যাংশ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ৩ টাকা ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা ৫৬ পয়সা।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্র্যাক ব্যাংক। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০১৯ হিসাব বছরেও ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। এর মধ্যে ৭ দশমিক ৫ শতাংশ নগদ ও বাকি ৭ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ। এর আগের হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৪৯৬ কোটি ৫৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ৮৩৬ কোটি ৭৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪৯ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৩২৮। এর মধ্যে ৪৬ দশমিক ২৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৮৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩৬ দশমিক শূন্য ৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংক শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৭ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৭ টাকা ৩০ পয়সা ও ৬১ টাকা ৫০ পয়সা।



