শিল্প উদ্যোক্তদের জন্য ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা
শিল্প উদ্যোক্তদের জন্য ৩০ হাজার কোটি টাকার প্রণোদনার তৃতীয় প্যাকেজ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাংক–ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল দেয়ার লক্ষ্যে এ প্রণোদনা প্যাকেজ গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের যেসব প্রতিষ্ঠান প্রথম ও দ্বিতীয় প্যাকেজ থেকে ঋণ পায়নি কেবল তারাই তৃতীয় প্যাকেজ থেকে ঋণ নিতে পারবেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, প্রণোদনা প্যাকেজের তৃতীয় ও সর্বশেষ বাস্তবায়নের লক্ষ্যে শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোর জন্য ২৭ হাজার কোটি টাকা এবং বেপজা, বেজা ও বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষ এ অবস্থিত এ, বি ও সি টাইপ শিল্প প্রতিষ্ঠান ও উক্ত অঞ্চলগুলোর বাইরে শতভাগ বিদেশি মালিকানাধীন অথবা যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ৩ হাজার কোটি টাকাসহ মোট ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হল।
বাংলাদেশ ব্যাংক আরো বলছে, প্রথম ও দ্বিতীয় প্যাকেজে ঋণ সুবিধা পায়নি তাদের অনুকূলে তৃতীয় পর্যায়ের ঋণ সুবিধা প্রাপ্যতা সীমা নির্ধারিত হবে। যেসব প্রতিষ্ঠান প্রথম ও দ্বিতীয় প্যাকেজ থেকে ঋণ সুবিধা পায়নি তারা এ প্যাকেজ থেকে অগ্রাধিকার পাবে। আগামী ২০২৩ সালের ৩০ জুনের মধ্যে এই প্যাকেজের ঋণ বিতরণ কার্যক্রম শেষ করতে হবে। ব্যাংক-ক্লায়েন্ট রিলেশনের ভিত্তিতে ঋণ কার্যক্রম পরিচালিত হবে। এ ঋণ-সুবিধার সুদের হার হবে ৯ শতাংশ। প্রদত্ত ঋণের সুদের অর্ধেক অর্থাৎ ৪ দশমিক ৫০ শতাংশ ঋণগ্রহীতা শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট ৪ দশমিক ৫০ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে দেবে।



