আমেরিকান এক্সপ্রেসের বার্ষিক আয় বাড়ার পূর্বাভাস
এক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ও মন্দার শঙ্কার মধ্যেও বার্ষিক আয় বাড়ার পূর্বাভাস দিয়েছে আমেরিকান এক্সপ্রেস। মূলত গ্রাহকদের কার্ডে ব্যয় বাড়ার কারণে আয়ের এ পূর্বাভাস দেয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির বাজার হিস্যা প্রিমার্কেট ট্রেডিংয়ে ৫ শতাংশ বাড়বে। খবর রয়টার্স।
জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানি ও সিটিগ্রুপসহ যুক্তরাষ্ট্রের বেশকিছু ব্যাংক সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনৈতিক দুরবস্থার শঙ্কার মধ্যেও ভোক্তা ব্যয়ে স্থিতিস্থাপকতার ইঙ্গিত দিয়েছে, যা কার্ড কোম্পানিগুলোর জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। আমেরিকান এক্সপ্রেস বর্তমানে পুরো বছরের জন্য তাদের আয়ের পূর্বাভাস ২৩-২৫ শতাংশের মধ্যে নির্ধারণ করেছে। আগে এ হার ছিল ১৮-২০ শতাংশ।
বছরের দ্বিতীয় প্রান্তিকে বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহারকারীদের ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যেখানে ভ্রমণ ও বিনোদন খাতের ব্যয় প্রথমবারের মতো কভিড-১৯ মহামারী পূর্ববর্তী স্তরে পৌঁছেছে। পাশাপাশি মিলেনিয়াল ও জেন জি সদস্যদের ব্যয় ৫০ শতাংশ বেড়েছে। রেফিনিটিভ ডাটার তথ্যানুযায়ী, এ ব্যয়ের মাধ্যমে আমেরিকান এক্সপ্রেসের প্রতি শেয়ারের নেট আয় ২ দশমিক ৫৭ ডলারে পৌঁছায়। যেখানে বিশ্লেষকরা ২ দশমিক ৪১ ডলারের পূর্বাভাস দিয়েছিলেন।
রানিং পয়েন্ট ক্যাপিটাল অ্যাডভাইজারসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাইকেল অ্যাশলে স্কুলম্যান বলেন, যুক্তরাষ্ট্রে আর্থসামাজিক পরিবেশে মন্দার ভয় দেখা গেলেও গত ১৮ মাসে দেশটির গ্রাহক ব্যয়ে উল্লেখজনক বৃদ্ধি দেখা গিয়েছে।



