রিও ডি জেনিরো চেম্বার অব কমার্সের সঙ্গে এফবিসিসিআইয়ের এমওইউ
সম্প্রতি রিও ডি জেনিরো চেম্বার অব কমার্সের সঙ্গে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে এফবিসিসিআই। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বিপক্ষীয় ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণে নীতিগত ও কারিগরি সহযোগিতা প্রদান, অভিজ্ঞতা বিনিময়, শিল্প ও বিনিয়োগ সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদান, বাণিজ্য প্রতিনিধি দলের সফর, উদ্ভাবন ও গবেষণা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার জন্য প্রতিনিধিত্বকারী সংগঠন দুটি একমত পোষণ করেছে।
ব্রাজিলে বাংলাদেশের বাজার সম্প্রসারণের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে সমঝোতা স্মারকটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দিন উল্লেখ করেন, দুই দেশের সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোর সরাসরি সম্পৃক্ততা ছাড়াই বর্তমানে ব্রাজিল ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০০ কোটি ডলারে পৌঁছেছে। ফলে ব্রাজিলের অন্যতম বৃহৎ চেম্বারের সঙ্গে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের এই এমওইউ সই দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস। আগামী দিনগুলোতেও দুই দেশের ব্যবসায়ীরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে আশ্বস্ত করেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।



