ইন্দো-বাংলা ফার্মার স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে আইসিবি ও সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৩ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে আগামী ১৩ জুন। গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরের জন্য মোট ৭ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ এবং আইসিবি ও সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ স্টক লভ্যাংশ।



