ইসরায়েলি সেনার গুলিতে আল জাজিরা সাংবাদিক নিহত
২০০০ থেকে আল জাজিরার সাংবাদিক হিসেবে কাজ করছিলেন শিরিন আবু আকলেহ ছবি: আল জাজিরা
পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে আল জাজিরার এক প্রতিবেদক নিহত হয়েছে। বুধবার সকালের দিকে অধিকৃত পশ্চিম তীরে এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির দাবি, ইসরায়েলি সেনার গুলিতে তাদের শিরিন আবু আকলেহ নামে এক প্রতিবেদক মারা গেছেন। ইসরায়েলি সেনারা বলছে, সংঘর্ষের সময় ফিলিস্তিনিদের গুলিতেও তিনি মারা যেতে পারেন। খবর রয়টার্স।
এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, জেনিনে ইসরায়েলি সেনা অভিযান নিয়ে সংবাদ সংগ্রহের সময় আল জাজিরা সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিতের পর তারা আরও জানায়, আলি সামুদি নামে অপর এক প্রতিবেদক আহত হয়েছেন।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, জেনিনে অভিযানের সময় তারা পাল্টা হামলার শিকার হয়। পাল্টাপাল্টি ওই বন্দুক যুদ্ধে দুই সাংবাদিক গুলিবিদ্ধ হতে পারেন। ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতেও মারা যেতে পারেন আল জাজিরা সাংবাদিক শিরিন আবু আকলেহ।



