ডেবিট ও ক্রেডিট কার্ডে পেমেন্ট ও ব্যয়ের পরিমাণ বেড়েছে

গত মাসে সব ধরনের গ্রাহকের মধ্যে ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে ব্যয়ের হার বেড়েছে বলে জানিয়েছে ব্যাংক অব আমেরিকা। যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিম্ন আয়ের মানুষদের ব্যয়ের হার অনেকটা স্থিতিশীল ছিল বলেও জানায় ব্যাংক অব আমেরিকা। খবর রয়টার্স।

মার্কিন ব্যাংকিং প্রতিষ্ঠানটি জানায়, এক বছর আগের তুলনায় এপ্রিলে ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ভোক্তাদের ব্যয় বেড়েছে ১৩ শতাংশের বেশি। এসব ব্যয়ের বেশির ভাগই খরচ হয়েছে বিনোদন ও ভ্রমণ খাতে। কভিড-১৯ পূর্ববর্তী ২০১৯ সালের একই সময়ে পরিবারপ্রতি কার্ডের মাধ্যমে ব্যয়ের হার ২৪ শতাংশ পর্যন্ত বেড়েছিল। এ সময় বার্ষিক আয় ৫০ হাজার ডলারের কম এমন গ্রাহকদের ব্যয় বেড়েছিল ৩৩ শতাংশ।

ব্যয়ের এমন প্রবণতা ভোক্তাদের অর্থনৈতিক অবস্থার প্রতি একটি ঘনিষ্ঠ ইঙ্গিত বহন করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে উচ্চমুদ্রাস্ফীতি খাদ্যপণ্যের মতো দৈনন্দিন পণ্যগুলোর দাম যখন উল্লেখযোগ্য হারে বাড়িয়ে তুলছে।

ব্যাংকের কর্মকর্তা ও ক্রেডিট রেটিং এজেন্সিগুলো বলছে, ভোক্তারা বর্তমানে একটি ভালো আর্থিক অবস্থানে রয়েছে। ভালো পরিমাণ অ্যাকাউন্ট ব্যালান্স ও কম ঋণের পরিমাণ ব্যয়ের পরিমাণ বাড়াতে সাহায্য করছে। তবে নিম্ন আয়ের মানুষ ও স্বল্প অ্যাকাউন্ট ব্যালান্সের লোকজন মুদ্রাস্ফীতির কারণে বেশ ভোগান্তি পোহাচ্ছে বলেও মন্তব্য করেন ব্যাংক খাতসংশ্লিষ্টরা।

ব্যাংক অব আমেরিকার দেয়া তথ্যে দেখা যায়, বর্তমানে ভোক্তাদের ব্যয়ের পরিমাণ কভিড-১৯ পূর্ববর্তী সময়ের তুলনায় অনেকটা বেশি। এপ্রিলে এক বছর আগের তুলনায় ব্যাংক অব আমেরিকার ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্টের পরিমাণ বেড়েছে ২৫ শতাংশ। মাসের মাঝামাঝি সময়ে কর প্রদানের জন্য এমন চিত্র দেখা যায়। তুলনামূলকভাবে দেখতে গেলে গত বছর ইউএস ইন্টারনাল রেভিনিউ সার্ভিস কর্তৃক একটি অপ্রচলিত বর্ধিত সময়ের কারণে ২১ মের পূর্ব পর্যন্ত কোনো কর বকেয়া হিসেবে গণ্য করা হয়নি।

ব্যাংক অব আমেরিকা ইনস্টিটিউটের পরিচালক ডেভিড টিনসলে ব্যাংটির কার্ড ব্যয়-সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করেন যে যদিও উচ্চমুদ্রাস্ফীতি ভোক্তাদের অধিক হারে ব্যয়ের দিকে পরিচালিত করছে, তবে ভোক্তাদের আর্থিক সামর্থ্য এটিকে ছাড়িয়ে যায়।

সম্পর্কিত খবর