বিনা টিকিটের সেই ৩ যাত্রীর ১জন মন্ত্রীর স্ত্রীর শ্যালিকার ছেলে, ২জন মামাতো ভাই

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনাটিকিটে ভ্রমণকারী তিন ট্রেনযাত্রীকে জরিমানা করায় ওই ট্রেনের টিকিট পরিদর্শককে (টিটিই) সাময়িক বরখাস্ত করা হয়। ওই সময় ট্রেনে ভ্রমণকারী তিনজনের মধ্যে একজন রেলমন্ত্রীর শ্যালিকার ছেলে এবং বাকি দুজন শ্যালক।

যার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয় তার নাম ইমরুল কায়েস প্রান্ত। তিনি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্ত্রী শাম্মী আক্তারের বোনের ছেলে। তার ট্রেনযাত্রার সঙ্গী হাসান ও ওমর রেলমন্ত্রীর স্ত্রী শাম্মীর মামাতো ভাই। ঈশ্বরদী শহরের নূর মহল্লায় তাদের বাড়ি।

ঈদুল ফিতর উপলক্ষে ঈশ্বরদীতে রেলমন্ত্রীর স্ত্রী শাম্মীর ছোট বোন নিপার বাসায় বেড়াতে আসেন তার মামাতো ভাই। সেখানেই এবার ঈদ উদযাপন করেছেন। এই নিপার ছেলেই অভিযোগকারী ইমরুল কায়েস প্রান্ত। যাকে রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী নিজের সন্তানের মতো দেখেন।

রেলমন্ত্রীর স্ত্রীর মামাতো ভাই হোসেন বলেন, আমরা ঢাকায় যাওয়ার জন্য ট্রেনের টিকিটের জন্য বুকিং অফিসে যাই। সেখানে টিকিট না পেয়ে বিষয়টি আপুকে জানাই। আপু আমাদের যাওয়ার জন্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে তিনটি টিকিট দেওয়ার জন্য দায়িত্বরত গার্ড শফিকুল ইসলামকে ফোনে বলেন। এরপর আমরা ট্রেনের একটি বগিতে উঠি। এর কিছুক্ষণ পরই টিটিই শফিকুল ইসলাম এসে আমাদের সঙ্গে অশালীন আচরণ করেন।

গত বুধবার রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার বিকালে রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া টিটিই মো. শফিকুল ইসলাম রেলওয়ে জংশন ঈশ্বরদীর টিটিই হেডকোয়ার্টারের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর