আয় বাড়লেও মুনাফা কমেছে ইউনাইটেড ফাইন্যান্সের

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ সময়ে কোম্পানিটির পরিচালন আয় বেড়েছে ১৬ শতাংশ। তবে এ প্রান্তিকে কোম্পানিটির পরিচালন ব্যয়ও বেড়েছে। প্রভিশন সংরক্ষণ ও কর বাবদ আর্থিক প্রতিষ্ঠানটির ব্যয়ও বেড়েছে। যে কারণে আয় বাড়লেও প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা আগের হিসাব বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইউনাইটেড ফাইন্যান্সের মোট পরিচালন আয় হয়েছে ২৬ কোটি ২৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময় পরিচালন আয় ছিল ২২ কোটি ৬৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির পরিচালন আয় বেড়েছে ৩ কোটি ৬১ লাখ টাকা বা ১৫ দশমিক ৯৬ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মোট পরিচালন ব্যয় হয়েছে ১৮ কোটি ৫৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন ব্যয় ছিল ১৫ কোটি ৭৪ লাখ টাকা। সেই হিসাবে কোম্পানিটির পরিচালন ব্যয় বেড়েছে ২ কোটি ৮১ লাখ টাকা বা ১৭ দশমিক ৮৭ শতাংশ।

প্রথম প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা হয়েছে ৭ কোটি ৭৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন মুনাফা ছিল ৬ কোটি ৯২ লাখ টাকা। পরিচালন মুনাফা থেকে প্রতিষ্ঠানটিকে প্রভিশন সংরক্ষণ ও সরকারকে কর বাবদ অর্থ বাদ দিয়ে নিট মুনাফা হিসাব করা হয়েছে। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২ কোটি ১৮ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ইউনাইটেড ফাইন্যান্সের নিট মুনাফা কমেছে ৪৩ লাখ ৩৩ হাজার টাকা বা ১৯ দশমিক ৮২ শতাংশ। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে শেষে যা ছিল ১৭ টাকা ৩০ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে আর্থিক খাতের প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। ডিএসইতে গত বৃহস্পতিবার ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৮ টাকা ৯০ পয়সা।

সম্পর্কিত খবর