সরবরাহ বাড়তি থাকায় হিলিতে কমেছে পেঁয়াজের দাম
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এ সপ্তাহের শুরুতে উল্লেখযোগ্য পরিমাণে পেঁয়াজ আমদানি হয়েছে। এতে পর্যাপ্ত সরবরাহ থাকায় বন্দরের পাইকারি ও খুচরা বাজারে পণ্যটির দাম কমতে শুরু করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, দুদিন আগে বন্দরে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে ১৮-২০ টাকায় বিক্রি হয়। বর্তমানে তা ১৪-১৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশীয় পেঁয়াজের দাম আগে ২৮-৩০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২৪-২৫ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিটের মেয়াদ ২৯ মার্চ পর্যন্ত নির্ধারণ ছিল। এ কারণে এলসির বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে এসব পেঁয়াজ আমদানির লক্ষ্যে রফতানিকারকদের চাপ দেয় তারা। ফলে কয়েক দিন ধরে বন্দর দিয়ে বাড়তি পরিমাণে পেঁয়াজ আমদানি হয়। ২৯ মার্চ শেষ দিনে ৬৩টি ট্রাক পেঁয়াজ আমদানি করা হয়। এতে চাহিদার তুলনায় দেশের বাজারে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমেছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী বাবলুর রহমান বলেন, নতুন করে আবারো পেঁয়াজ আমদানির অনুমতি ও সময়সীমা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সে মোতাবেক আমরা আইপি পেয়ে এলসিও খুলেছি। কিন্তু বর্তমানে গুদামে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মজুদ রয়েছে। কিন্তু মোকামে চাহিদা নেই। এখন দাম কমায় বিক্রিও বাড়ছে। এতে সরবরাহ কমে গেলে নতুন করে আমদানি করা হবে।



