‘জাগো জাগাও’ এর বিরুদ্ধে জেনিথ ইসলামী লাইফের জিডি
‘প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন’ করার অভিযোগ এনে ‘জাগো জাগাও’ নামক একটি ফেসবুক পেজ এর বিরুদ্ধে সাধারণ ডায়েরী (জিডি) করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
২৩ মার্চ রাজধানীর মতিঝিল থানায় জিডি করেন জেনিথ ইসলামী লাইফের সিনিয়র জিএম ও সিটি প্রজেক্ট এর ইনচার্জ সৈয়দ মাসকুরুল হক। জিডি নং- ১৬১২।

জিডিতে বাদী ইনচার্জ সৈয়দ মাসকুরুল হক অভিযোগ করেছেন, ‘‘জাগো জাগাও নামের ফেসবুক পেজ এ কোম্পানীর সুনাম ক্ষুন্ন করার জন্য পোষ্ট করা হয়েছে। ফেসবুক পেজ এ লিখা হয়েছে, ‘‘জেনিথ লাইফে চলছে মানুষকে পথে বসানোর নতুন ফাঁদ, জেনিথ লাইফ সিটি প্রজেক্ট একবার জমা দিলেই সারা জীবন টাকা পাওয়া যাবে।’’
‘কে বা কারা ফেসবুক পেজটি পরিচালনা করছে তা বের করতে পারে নি’ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ- জিডিতে এমটি দাবী করা হয়েছে।
এ বিষয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান অর্থবাংলাডটকমকে বলেন, প্রতিষ্ঠানের নামে কুৎসা রটনা করা হচ্ছে। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও কোম্পানীর সুনাম হানিকর। আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



