দেশের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে
কিশোরগঞ্জ অঞ্চলসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মেঘলা থাকতে পারে অন্য এলাকার আকাশ। এছাড়া যেসব এলাকায় তাপপ্রবাহ বইছে তা অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এতে করে অন্য এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৬ দশমিক ৫, ময়মনসিংহে ৩৪ দশমিক ১, চট্টগ্রামে ৩৫ দশমিক ১, সিলেটে ৩৫ দশমিক ৪, রাজশাহীতে ৩৭ দশমিক ৪, রংপুরে ৩৫, খুলনায় ৩৫ দশমিক ৫ এবং বরিশালে আজ ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, মিয়ানমার উপকূল এবং আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি স্থলভাগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে মিয়ানমার ভূখণ্ডে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়, কিশোরগঞ্জ অঞ্চলসহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে



