টানা দ্বিতীয়বারের মতো সেরা নিয়োগদাতা বিকাশ
ক্যাম্পাস ট্র্যাক সার্ভে ২০২১-এ ৫৩টি বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো সেরা পছন্দের নিয়োগদাতা ‘এমপ্লয়ার অব চয়েস’ নির্বাচিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। একই সঙ্গে টানা তৃতীয়বারের মতো ‘ড্রিম এমপ্লয়ার’ হিসেবেও স্বীকৃতি পেয়েছে বিকাশ।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসন ২০১৩ সাল থেকে বাংলাদেশে এ জরিপটি পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালন পদ্ধতি ও ফলাফল বরাবরই সামঞ্জস্যপূর্ণ। এদিকে বিকাশও প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করছে, যার প্রতিফলন ২০২০ ও ২০২১ সালে ‘এমপ্লয়ার অব চয়েস’ এবং ২০১৯, ২০২০ ও ২০২১ সালে ‘ড্রিম এমপ্লয়ার’ স্বীকৃতি অর্জন। এ জরিপ তিনটি প্যারামিটার বা মানদণ্ডের ওপর ভিত্তি করে করা হয়ে থাকে: ১. ইন্ডাস্ট্রি প্রেফারেন্স ২. প্রতিষ্ঠানের পরিবেশ, বেতন কাঠামো ও ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম এবং ৩. চাকরিপ্রার্থীদের অনুপ্রাণিত হওয়ার মতো সুযোগ-সুবিধা। জরিপ অনুসারে বিকাশ তার ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম, শিক্ষার্থীদের পছন্দ, আকর্ষণীয় বেতন কাঠামো, কাজের পরিবেশ, দক্ষতা বৃদ্ধির সুযোগ, চাকরির নিশ্চয়তা ও সন্তুষ্টির মানদণ্ডে অন্য প্রতিষ্ঠান থেকে এগিয়ে সেরা বিবেচিত হয়েছে।



