ক্ষতি পুনরুদ্ধারে মস্কোর কয়েক প্রজন্ম লাগবে : জেলেনস্কি
রুশ আগ্রাসনের ২৩ দিন পর রাশিয়াকে বিলম্ব না করে অর্থপূর্ণ শান্তি ও নিরাপত্তা আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সময় এসেছে। রাশিয়া আক্রমণ করে ভুল করেছে। এই ভুল থেকে ক্ষয়ক্ষতি সীমিত করার এটিই মস্কোর জন্য একমাত্র সুযোগ।
জেলেনস্কি বলেন, ‘আমি চাই সবাই এখন আমার কথা শুনুক, বিশেষ করে মস্কো। আলোচনার সময় এসেছে, কথা বলার সময় এসেছে।’
ইউক্রেনে আক্রমণের শিকার শহরগুলিতে মানবিক সরবরাহ অব্যহত রাখতে রাশিয়ান বাহিনী ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন জেলেনস্কি।
তিনি আরও যোগ করেন, ‘অন্যথায়, রাশিয়ার এমন ক্ষতি হবে, যা পুনরুদ্ধার করতে তাদের কয়েক প্রজন্মের প্রয়োজন হবে।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তিন সপ্তাহ ধরে চলা এই অভিযানে ইউক্রেনের বড় বড় কয়েকটি শহরের নিয়ন্ত্রণ এখন রুশ সেনাদের হাতে। দেশটির রাজধানী কিয়েভ ঘিরে রেখেছে রুশ সেনারা।


