তিন দিনব্যাপী প্রথম বাংলাদেশ জুয়েলারি এক্সপো উদ্বোধন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) আয়োজনে প্রথমবারের মতো ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’-এর উদ্বোধন করা হয়। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ জুয়েলারি এক্সপোর উদ্বোধন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়, সাবেক সভাপতি এনামুল হক খান দোলন, বর্তমান কমিটির প্রথম সহসভাপতি গুলজার আহমেদ, সহসভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি হান্নান আজাদ, সহসভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা, বাজুস সহসভাপতি আনিসুর রহমান দুলাল, কোষাধ্যক্ষ ও মেলা কমিটির চেয়ারম্যান উত্তম বণিক।

আয়োজকরা জানান, মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলায় আগত দর্শনার্থীর জন্য র্যাফল ড্র-তে নগদ ১০ লাখ টাকার প্রথম পুরস্কার, ৫ লাখ টাকার দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার হিসেবে পরবর্তী ১০ জনের জন্য রয়েছে ১ লাখ টাকা পুরস্কার।

ইমদাদুল হক মিলন বলেন, গার্মেন্টসের মতোই দেশের স্বর্ণ শিল্পও বিশ্ববাজারে জায়গা দখল করে নেয়ার লক্ষ্যেই কাজ করছে বাজুস। তিনি আরো বলেন, বাংলাদেশে গার্মেন্টসের পরই দ্বিতীয় বৃহৎ রফতানি শিল্প হিসেবে সোনা হবে বলে বিশ্বাস করি।

আমন্ত্রিত অতিথিরা বলেন, বাজুসের এ আয়োজন দেশীয় অলংকার শিল্পকে সমৃদ্ধ করবে। পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাংলাদেশকে স্বর্ণ এবং স্বর্ণজাত শিল্প রফতানির ক্ষেত্রে একটি শক্ত অবস্থানে নিতে অবদান রাখবে, যা আমাদের জিডিপি হারকে সন্তোষজনক পর্যায়ে উন্নীত করতে সক্ষম হবে।

বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায় বলেন, আগামীতে জুয়েলারি শিল্প দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। গার্মেন্টসের পর এ শিল্প সবচেয়ে বেশি রফতানি আয় করবে।

সম্পর্কিত খবর