৬ মার্চ লেনদেনে ফিরছে বিএটিবিসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত তামাক খাতের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড আগামীকাল ৬ মার্চ লেনদেনে ফিরবে। গত বৃহস্পতিবার লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। এর আগের দুই কার্যদিবস স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এর আগে এ হিসাব বছরের জন্য ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি, যা এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। সব মিলিয়ে ২০২১ হিসাব বছরের জন্য ২৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এদিকে সমাপ্ত হিসাব বছরের ঘোষিত চূড়ান্ত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে বিএটিবিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ১৬ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৭ টাকা ৫৬ পয়সা বা সাড়ে ৩৭ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ১৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৬২ টাকা ৯৬ পয়সা।

 

সম্পর্কিত খবর