ডিএসইর সাপ্তাহিক লেনদেনের ৩০ শতাংশই দশ কোম্পানির

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মোট ৩ হাজার ৭৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দশ কোম্পানির লেনদেনের পরিমাণ ১ হাজার ১৫০ কোটি টাকা। সেই হিসাবে এক্সচেঞ্জটির সাপ্তাহিক লেনদেনের ৩০ শতাংশের বেশি রয়েছে এসব কোম্পানির দখলে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনের ভিত্তিতে গত সপ্তাহে ডিএসইতে শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। এক্সচেঞ্জটির মোট লেনদেনের ১০ দশমিক শূন্য ৮ শতাংশই কোম্পানিটির দখলে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৩৭৭ কোটি ৪০ লাখ ৬৭ হাজার টাকার প্রায় আড়াই কোটি শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন বেড়েছে ১ দশমিক ৬৭ শতাংশ।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। মোট লেনদেনের ৪ দশমিক ৮৪ শতাংশই ছিল রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির। তবে আগের সপ্তাহের তুলনায় এ সময়ে লেনদেন কমেছে ১ দশমিক ৫৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দেড় কোটির বেশি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮১ কোটি ২১ লাখ টাকার বেশি।

মোট লেনদেনের ৩ শতাংশ নিয়ে গত সপ্তাহের লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার ও বোর্ড মিলস লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় শেয়ারটির লেনদেন বেড়েছে ৫ দশমিক ৩৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ৭২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১২ কোটি ৩৫ লাখ টাকা।

মোট লেনদেনের ২ দশমিক ৬৭ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমেছে ১ দশমিক ৮৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রায় ১০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ৮১ লাখ ৬৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ওরিয়ান ফার্মা। গত সপ্তাহের মোট লেনদেনের ২ দশমিক ৪৫ শতাংশ ছিল কোম্পানিটির। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির প্রায় ৯০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯১ কোটি ৬৭ লাখ টাকা। তবে আগের সপ্তাহের তুলনায় এ সময়ে কোম্পানিটির লেনদেন কমেছে ৩ দশমিক ৭৩ শতাংশ।

মোট লেনদেনের ১ দশমিক ৮৫ শতাংশ নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন কমেছে দশমিক ৭৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৬৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকার ১১ লাখ ৩৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। গত সপ্তাহের মোট লেনদেনের ১ দশমিক ৪৮ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। তবে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে ৪ দশমিক ৫৭ শতাংশ।

মোট লেনদেনের ১ দশমিক ৪৬ শতাংশ নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে ৬ দশমিক ৮৭ শতাংশ।

নবম অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। মোট লেনদেনের ১ দশমিক ৪৬ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। এছাড়া ১ দশমিক ৪৫ শতাংশ নিয়ে এ তালিকায় একবারে শেষে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

 

সম্পর্কিত খবর