বিডা ওএসএস পোর্টালে যুক্ত হলো আরো দুই সেবা
অনলাইনে সোনালী ব্যাংকে হিসাব খোলা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ট্রেড লাইসেন্সের আবেদন এবং সেটি গ্রহণ করা যাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) মাধ্যমে। গতকাল বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং সঞ্চালনা করেন সংস্থাটির উপপরিচালক সৈয়দা সাদিয়া নূরীয়া। এছাড়া অনুষ্ঠানে ডিএনসিসি ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহসিনা ইয়াসমিন বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছে বিডা। এখন নতুন দুটি সেবা যুক্ত হওয়ায় ওএসএস সার্ভিস পোর্টালে মোট ১৯টি সংস্থার ৫৮টি সেবা পাওয়া যাচ্ছে। শুধু সেবা প্রদানই নয়, গ্রহণেও ইতিবাচক মনোভাব ও সচেতনা জরুরি। এসব সেবার জন্য এখন আর বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে দপ্তরে যেতে হবে না। বর্তমানে এসব সেবার বিপরীতে ফি লাগলেও আগামী দু-তিন বছর পর ফি ছাড়াই ওএসএসের মাধ্যমে এসব সেবা নেয়া যাবে।
সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান প্রধান বলেন, ওএসএস সার্ভিসের মাধ্যমে এখন থেকে সহজেই সোনালী ব্যাংকের হিসাব খোলা যাবে। দেশব্যাপী আমাদের ১ হাজার ২২৯টি শাখা রয়েছে। গ্রাহকরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো শাখার গ্রাহকরা এ সেবা গ্রহণ করতে পারবেন।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল হামিদ মিয়াঁ বলেন, বিডার ওএসএস পোর্টালে ট্রেড লাইসেন্স প্রদান সেবা যুক্ত হলো। এখন থেকে সরকার নির্ধারিত ফি প্রদান করে সহজে বিনিয়োগকারীরা ট্রেড লাইসেন্স গ্রহণ করতে পারবেন। এতে করে এ সেবাটি নেয়ার জন্য সিটি করপোরেশনের অফিসে আসার প্রয়োজন পড়বে না।



