চীনে পরিশোধিত টিন উৎপাদন কমেছে
বিশ্বের শীর্ষ টিন উৎপাদক দেশ চীনে গত মাসে ধাতব পণ্যটির উৎপাদন কমেছে। দূষণ রোধ ও বিদ্যুতের ব্যবহার সীমিত করতে ধাতব পণ্য উৎপাদনে লাগাম টেনে ধরেছে চীন। এ কারণেই উৎপাদন নিম্নমুখী ছিল।
রাষ্ট্র মালিকানাধীন গবেষণা প্রতিষ্ঠান অ্যানেইক সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, জানুয়ারিতে চীনের পরিশোধিত টিন উৎপাদন আগের মাসের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। ২০টি বিগলন প্রতিষ্ঠানের উৎপাদন পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করে অ্যানেইক। চীনের মোট টিন উৎপাদন সক্ষমতার ৯৫ শতাংশই আসে এসব প্রতিষ্ঠান থেকে। গত মাসে এসব প্রতিষ্ঠানের মোট উৎপাদন দাঁড়িয়েছে ১৫ হাজার ২৮৮ টনে।
এক বিবৃতিতে গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, চীনের উত্তর ও দক্ষিণাঞ্চলে উৎপাদন সবচেয়ে বেশি কমেছে। তবে সার্বিক উৎপাদন তুলনামূলকভাবে স্থিতিশীলই ছিল বলে মনে করছেন প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা। কারণ চলতি মাসের লুনার নিউ ইয়ারের ছুটির কারণে আগের মাসেই অতিরিক্ত টিন উৎপাদন করেছে অনেক বিগলন প্রতিষ্ঠান।
অ্যানটেইক বলছে, ছুটি থাকায় চলতি মাসে চীনে টিন উৎপাদন রেকর্ড সর্বনিম্নে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ কর্মকাণ্ডের কারণেও উৎপাদন বন্ধ রেখেছে।



