ঢাবিতে ‘টেকসই উন্নয়নের জন্য খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ’ শীর্ষক সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে সম্প্রতি ‘টেকসই উন্নয়নের জন্য খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সুইডেন সাপোর্টেড রিসার্চ গ্রুপের ইন্টারন্যাশনাল সায়েন্স প্রোগ্রামের আওতায় এ সেমিনার আয়োজন করা হয়। ঢাবি বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে ও ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ। সুইডেন সাপোর্টেড রিসার্চ গ্রুপের গ্রুপ লিডার অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব সেমিনারটি সঞ্চালনা করেন। সেমিনারে ঢাবি রসায়ন বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ড. নিলুফার নাহার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের অধ্যাপক ড. বেগম রোকেয়া, ঢাবি ভূতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন লেকচার প্রদান করেন।



