শিকাগো বোর্ড অব ট্রেডে কমেছে সয়াবিনের দাম
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) কমেছে সয়াবিনের দাম। সর্বশেষ কার্যদিবসে পণ্যটির দাম এক সপ্তাহের সর্বনিম্নে নেমে আসে। মূলত সয়াবিন উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ ব্রাজিল ও আর্জেন্টিনায় খরার প্রভাব কমে পর্যাপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাসে পণ্যটির বাজারদর নিম্নমুখী হয়ে ওঠে। খবর বিজনেস রেকর্ডার।
সর্বশেষ কার্যদিবসে সিবিওটিতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের দাম সাড়ে ৭ সেন্ট কমেছে। পণ্যটির বুশেলপ্রতি মূল্য স্থির হয়েছে ১৩ ডলার ৬৯ সেন্টে।
সিডনিভিত্তিক কৃষিপণ্যের ব্রোকারেজ প্রতিষ্ঠান ইকন কমোডিটিসের পরিচালক ওলি হোউ বলেন, দক্ষিণ আমেরিকার দেশগুলোয় সয়াবিন উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছিলাম আমরা। কিন্তু সম্প্রতি আবহাওয়ায় বৈরী ভাব কমতে শুরু করায় পরিস্থিতির উন্নতি ঘটেছে।
দক্ষিণ আমেরিকার দেশগুলোর সয়াবিন উৎপাদন বৈশ্বিক আমদানিকারক দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে শীর্ষ সয়াবিন আমদানিকারক দেশ চীন এসব দেশের ওপর অনেক বেশি নির্ভরশীল। গত বছর দেশটির সয়াবিন আমদানি কমে যায়। ২০১৮ সালের পর প্রথমবারের মতো পণ্যটির আমদানি কমেছে। দেশটির বৃহৎ পশুপালন খাতে চাহিদা দুর্বল হয়ে ওঠায় আমদানি কমিয়ে দেয় মাড়াইকারী প্রতিষ্ঠানগুলো।
এদিকে সিবিওটিতে সয়াবিনের দাম কমলেও বেড়েছে ভুট্টার দাম। সর্বশেষ কার্যদিবসে পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৮ সেন্ট বেড়ে যায়। প্রতি বুশেলের মূল্য স্থির হয় ৫ ডলার ৮৫ সেন্টে।



